পন্ডশ্রম কবিতা : শামসুর রহমান - Pandoshrom : Shamsur Rahman

Admin
0

পন্ডশ্রম কবিতা : শামসুর রহমান - Pandoshrom : Shamsur Rahman 


পন্ডশ্রম
-শামসুর রহমান


এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,  

 চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।  

 কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,  

 আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।  

  

 দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,  

 কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।  

 কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?  

 কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।  

  

 যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,  

 পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।  

 সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,  

 যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।  

  

 মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,  

 ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!  

 ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে  

 কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?  

  

 নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;  

 কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।  

 ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?  

 বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম। 

  

====== 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে আরও জানুন
Accept !
To Top